Nabadhara
ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে চীনা ব্যবসায়ীর ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানার চীনা চেয়ারম্যানের গাড়ি থেকে শ্রমিকদের বেতন ও কারখানার খরচের জন্য রাখা ১ কোটি টাকা চুরির ঘটনায় মূল অভিযুক্ত ব্যক্তিগত গাড়িচালকসহ তিনজনকে আটক করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুর। অভিযানের ৪৮ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া ৯৭ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম-সেবা।

পুলিশ সুপার জানান, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজেন্দ্রপুরের কারখানা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাবের সামনে যাত্রাবিরতি করেন ল্যাভেন্ডার ফ্যাশনের চীনা চেয়ারম্যান। এ সময় তাঁর ব্যক্তিগত গাড়িচালক জাহিদ হাসান গাড়িতে থাকা শ্রমিকদের বেতন ও কারখানার অন্যান্য ব্যয়ের জন্য রাখা ১ কোটি টাকা নিয়ে পালিয়ে যান। পরে মালিককে অনুশোচনামূলক একটি খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে আত্মগোপনে চলে যান তিনি।

এ ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলা হলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুর ছায়া তদন্ত শুরু করে। শিল্প-সংক্রান্ত ঘটনা হওয়ায় গুরুত্বের সঙ্গে তদন্ত করে ঢাকা, গাজীপুর ও ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ঝিনাইদহ সদর থেকে মূল অভিযুক্ত জাহিদ হাসানকে (৩০) আটক করা হয়। তিনি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার কুলবাড়িয়া গ্রামের মো. দবির উদ্দিনের ছেলে। তাঁর কাছ থেকে ৮৬ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ ছাড়া তাঁর সহযোগী ঝিনাইদহ সদর থানার কাঞ্চননগর গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে মো. আক্তারুজ্জামানকে (৫১) আটক করা হয়। তাঁর কাছ থেকে ১ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। আক্তারুজ্জামানের স্ত্রী রংপুরের তারাগঞ্জ থানার পলাশবাড়ি গ্রামের মো. সামসুল হকের মেয়ে মোছা. নাসিমা আক্তারকে (২৪) আটক করে তাঁর টঙ্গীর বাসা থেকে আরও ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চুরি করা টাকা থেকে জাহিদ নতুন বাসা ভাড়া, আসবাবপত্র কেনা এবং ৩৩ হাজার টাকা দিয়ে নতুন মোবাইল ফোন কেনাসহ প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ করেন। অভিযানে চোরাই টাকায় কেনা আসবাবপত্র ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “শিল্প ও বিনিয়োগের পরিবেশ সুরক্ষিত রাখা এবং শিল্প-সংক্রান্ত অপরাধ দমনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ সর্বদা তৎপর। দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে ৪৮ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে আটক এবং চুরি যাওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে।”

অভিযানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুরের পাশাপাশি ঝিনাইদহ জেলা পুলিশের ডিবি টিম সহযোগিতা করে। আটক ব্যক্তিদের উদ্ধার করা টাকা ও মালামালসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।