দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৩ লাখ ৫৫ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ভোর ৪টা ১৫ মিনিটে বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিণ বিলগাথুয়া মাঠ এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া রোববার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ মরারপাড়া কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৯৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২ হাজার ৮০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৬০০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।
একই দিন রাত ৮টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ কাশেম বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ১ হাজার ৩২০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে বিজিবির টহল দল।
বিজিবি জানিয়েছে, পৃথক অভিযানে উদ্ধার করা মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১৩ লাখ ৫৫ হাজার ১০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান ও অবৈধ পারাপারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

