এম এ ফয়সল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় ৬ পিস ইয়াবাসহ মোস্তাইন মোড়ল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি পূর্বপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মোস্তাইন মোড়ল হাজরাকাটি গ্রামের মৃত আবু জাফর মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাজরাকাটি পূর্বপাড়া মোড় এলাকায় অভিযান চালান গ্রাম পুলিশ শেখ সোহেল। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় মোস্তাইন মোড়লকে ৬ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
তবে অভিযানের সময় কৌশলে তার সহযোগী একই এলাকার আক্তারুল মোড়লের ছেলে রায়হান মোড়ল (২৫) পালিয়ে যান।
পরে বিষয়টি খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিমকে জানানো হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে মোস্তাইন মোড়লকে ইয়াবাসহ হেফাজতে নেন।
খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল হালিম বলেন, ইয়াবাসহ মোস্তাইনকে ক্যাম্পে আনা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

