শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার বাগড়া কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বাগড়া কলোনি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার একটি দল অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে হাতেনাতে আটক করে। পরে ঘটনাস্থলেই শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন—বাগড়া কলোনি এলাকার মো. খালেকের ছেলে মো. মাসুম, মো. নুর হোসেনের ছেলে মো. এনামুল হক এবং মো. আব্দুস সালামের ছেলে মো. বাবর আলী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে গাঁজা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিনটি পৃথক মামলায় প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরে সাজাপ্রাপ্তদের সাজা পরোয়ানাসহ বগুড়া জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

