দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগের বিষয়ে উল্লেখযোগ্য সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে দুদক।
দুদকের উপসহকারী পরিচালক বিজয় কুমারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমার আচার্যের খাসকামরাসহ অফিসের বিভিন্ন কক্ষ তল্লাশি করা হয়। অভিযোগসংশ্লিষ্ট দলিল যাচাইয়ের পাশাপাশি অফিস সহকারী (বড়বাবু) বজলুর রহমানের দাপ্তরিক কাগজপত্র ও ব্যবহৃত ড্রয়ার এবং অন্যান্য কর্মচারীর টেবিলের ড্রয়ারও তল্লাশি করা হয়। এ সময় অফিসের কর্মকর্তা-কর্মচারী ও মহরারদের জিজ্ঞাসাবাদ করা হয়।
অভিযান চলাকালে দলিল নিবন্ধন কার্যক্রম বন্ধ ছিল। এতে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চলে।
অভিযান শেষে দুদকের উপসহকারী পরিচালক বিজয় কুমার জানান, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। অভিযোগকারীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে জমির ক্রেতা-বিক্রেতা ও মহরারদের সঙ্গে কথা বলা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে তেমন কোনো সত্যতা পাওয়া যায়নি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

