জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়ি থেকে মিনহাজ (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চাপাগাছি হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিনহাজ ওই গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অগোচরে মাটির তৈরি দুইতলা বাড়ির দ্বিতীয় তলায় যান মিনহাজ। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দ্বিতীয় তলায় গিয়ে আড়ার সঙ্গে কাপড় পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন তারা।
পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা ওয়াহেদ আলী বলেন, মিনহাজ আগে ঢাকায় থাকতেন। প্রায় দুই মাস আগে তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর থেকে মাঝে মধ্যে রাজমিস্ত্রির কাজ করতেন।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, মিনহাজ মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে মিনহাজের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পারিবারিক কোনো কলহের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

