Nabadhara
ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

কুবি প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা সরকারের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। একই সঙ্গে সিদ্ধান্ত বহাল থাকলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘কোটা গেছে যেই পথে—ভাইভা যাবে সেই পথে’, ‘ভাইভার নামে দলীয়করণ—বন্ধ কর, করতে হবে’, ‘ভাইভা না মেধা—মেধা মেধা’, ‘দোয়েল, কোয়েল, ময়না, টিয়া—ভাইভায় এসো ঘুষ নিয়া’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে বিভিন্ন বক্তব্যও দেন তারা।

আইন বিভাগের শিক্ষার্থী বায়েজিদ হোসেন বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্যের বিরুদ্ধে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে তা বাধাগ্রস্ত হতে পারে। তার দাবি, ভাইভার নম্বর বাড়ানোর মাধ্যমে সরকারি চাকরিতে নতুন করে বৈষম্য ও দলীয়করণের সুযোগ তৈরি হবে।

জাতীয় ছাত্রশক্তি কুবি শাখার সদস্য সচিব সৈয়দা নাজিফা নাফিল বলেন, ‘আমরা সব সময় বলে আসছি—কোটা নয়, মেধা। কিন্তু এখন আমরা দেখছি, কোটা নতুনভাবে ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে। সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।’

ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, ‘আমাদের বারবার বিভিন্ন বিষয়ে রাজপথে নামতে হচ্ছে। জনগণের সরকার হিসেবে যে সরকারের কাজ করার কথা, তাদের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যাতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি হয়।’

কুবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, ‘সরকারি চাকরিতে ভাইভা পরীক্ষার নম্বর বাড়ানোর মাধ্যমে মেধার অবমূল্যায়ন এবং দলীয় লোকদের সুযোগ দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা সরকারের কাছে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার দাবি জানাই।’

শিক্ষার্থীরা বলেন, লিখিত পরীক্ষার ফলের পাশাপাশি ভাইভায় অতিরিক্ত নম্বর রাখলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই সরকারি চাকরির নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

প্রসঙ্গত, সম্প্রতি সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ১১ থেকে ১২তম গ্রেডে ভাইভার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৫০, ১৩ থেকে ১৬তম গ্রেডে ১০ থেকে বাড়িয়ে ৪০ এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ১০ থেকে বাড়িয়ে ২৫ করার কথা বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।