জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিনদিন পর মরিয়ম নামে সাত বছরের এক শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে মাটিচাপা দেওয়া হয়ে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
নিহত মরিয়ম উপজেলার চরলোটাবর এলাকার বাহাদুর ও ববিতা দম্পতির মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তিনদিন আগে চরলোটাবর এলাকা থেকে নিখোঁজ হয় শিশু মরিয়ম। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে মাদারগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর-৪৮৪, তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
এরপর পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে শিশুটির সন্ধান করতে থাকেন। একপর্যায়ে শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চরলোটাবর এলাকায় জামিনুর নামে এক ব্যক্তির বাড়ি থেকে মাটিচাপা অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে মাটিচাপা দেওয়া হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জামিউল ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

