ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরতলীর কানাইপুর বিসিক শিল্পনগরীর একটি এসিড কারখানার বিষাক্ত বর্জ্যে ফসলহানি ও পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
স্থানীয় কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন সংসদ সদস্য। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত খেত ঘুরে দেখেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন।
কৃষকরা জানান, কারখানা থেকে নির্গত রাসায়নিক বর্জ্য ও ঝাঁঝালো গ্যাসের কারণে আশপাশের বিস্তীর্ণ এলাকার ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক জমির ফসল ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি এলাকায় তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।
এ সময় ভুক্তভোগী কৃষকরা কৃষি ও জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
কৃষকদের অভিযোগ ও ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে শুনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, জনস্বার্থ, পরিবেশ ও কৃষকদের জীবন-জীবিকার ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সমস্যা সমাধানে এবং দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে তিনি সর্বাত্মক ভূমিকা রাখবেন।
এ সময় স্থানীয় কৃষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

