টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে না পারার কথা জানিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শৈলেন্দ্র নাথ বাইন।
রোববার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। শৈলেন্দ্র নাথ বাইন গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানও।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শৈলেন্দ্র নাথ বাইন বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে আমি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলাম। কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে চলাফেরায় অসুবিধা হওয়ায় সংগঠনের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতে পারছি না। আর বর্তমান পরিস্থিতিতে কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়া একেবারেই সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘তাই রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের সকল পদ-পদবি থেকে পদত্যাগ করলাম।’
সংবাদ সম্মেলনে তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

