Nabadhara
ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে সার না পেয়ে ডিলার পয়েন্ট ঘেরাও, কৃষি অফিসের ব্যবস্থাপনায় বিতরণ

এসআই মল্লিক, ঝিনাইদহ
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

এসআই মল্লিক, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে নির্ধারিত দিনে সার না পেয়ে ডিলার পয়েন্ট ঘেরাও করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। পরে কৃষি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ডিলার পয়েন্টে থাকা সার কৃষকদের মধ্যে বিতরণ করেন। তবে এ সময় অভিযুক্ত ডিলার শহিদুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন না।

রোববার সকালে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। শহিদুল ইসলাম জামাল ইউনিয়নের নির্ধারিত সার ডিলার।

কৃষকদের অভিযোগ, রোববার সার দেওয়া হবে বলে তাদের জানানো হয়েছিল। নির্ধারিত দিনে ডিলার পয়েন্টে গিয়ে তারা জানতে পারেন, শুক্রবার ও শনিবার সার বিতরণ করা হয়েছে, তাই রোববার আর সার দেওয়া হবে না। এ নিয়ে সেখানে উপস্থিত কৃষকেরা উত্তেজিত হয়ে পড়েন। পরে আরও কৃষক সেখানে জড়ো হলে ডিলার পক্ষের লোকজনের সহযোগিতায় গোডাউন খুলে সেখানে প্রায় ৬০ বস্তা সার দেখতে পান তারা।

কৃষকদের দাবি, ডিলার শহিদুল ইসলাম বিভিন্ন মানুষের নাম রেজিস্টারে দেখিয়ে বরাদ্দের সার বেশি দামে বিক্রি করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে ডিলার দাবি করেছেন, তিনি উত্তোলন করা সার কৃষকদের মধ্যে বিতরণ করে দিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমকর্মীরা ডিলার পয়েন্টে থাকা সার বিতরণ রেজিস্টার পর্যালোচনা করে দেখতে পান, বিতরণ করা সারের তালিকায় মাত্র প্রায় ৫ শতাংশ কৃষকের মোবাইল নম্বর উল্লেখ রয়েছে। তালিকা থেকে ৯ জন কৃষকের নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে একজন সার পাওয়ার কথা জানান। বাকি আটজনের নম্বর বন্ধ পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসে ডিলার শহিদুল ইসলামের জন্য ৬৪ টন সার বরাদ্দ ছিল। এর মধ্যে তিনি প্রথম সপ্তাহেই ৫৮ টন সার উত্তোলন করেছেন। ৫৮ টন সারে প্রায় ১ হাজার ২০০ বস্তা হওয়ার কথা।

ঘটনাস্থলে উপস্থিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরাফাত জামিল বলেন, ‘ডিলার পয়েন্টে যে সার আছে, তা কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় আরও সার আনা হচ্ছে, সেগুলোও কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। পাশাপাশি সার বিতরণের রেজিস্টার পরীক্ষা করে দেখা হচ্ছে, কোনো অনিয়ম হয়েছে কি না।’

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, ‘সংবাদ পাওয়ার পর কৃষি কর্মকর্তাদের সেখানে পাঠানো হয়েছে। উপস্থিত কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয়েছে। আরও সার সেখানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’

অভিযুক্ত ডিলার শহিদুল ইসলাম বলেন, ‘আমি যে সার উত্তোলন করেছিলাম, তা বিতরণ করা হয়েছে। বিতরণ করা সারের রেজিস্টার রয়েছে, চাইলে দেখতে পারেন। চাহিদার তুলনায় কম সার পাওয়া গেলে আমার কী করার আছে?’

এদিকে চলতি আমন মৌসুমে চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষকদের ভোগান্তি বেড়েছে। ইউরিয়ার পাশাপাশি টিএসপি ও ডিএপি সার নিয়েও কৃষকদের দুর্ভোগের অভিযোগ রয়েছে। এর আগে গত ৫ সেপ্টেম্বর সকালে জেলার শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকেরা। সে সময় ডিলার সার দিতে অস্বীকৃতি জানালে গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়।

সারের সংকট নিয়ে কৃষকদের অভিযোগের মধ্যে জেলা কৃষি বিভাগ ও বাফার গোডাউন কর্তৃপক্ষের দাবি, জেলায় সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। প্রতিমাসের চাহিদার বিপরীতে ডিলাররা বরাদ্দ উত্তোলন করছেন। তবে কৃষকদের অভিযোগ, ডিলার পয়েন্টে চাহিদামতো সার পাওয়া যাচ্ছে না। অথচ বেশি দাম দিলে খোলা বাজারে সার পাওয়া যাচ্ছে।

কালীগঞ্জে অবস্থিত বাফার গোডাউনের ইনচার্জ অহিদুর রহমান জানান, ডিলার শহিদুল ইসলাম চলতি মাসের ৬৪ টন বরাদ্দের মধ্যে ৫৮ টন সার উত্তোলন করেছেন। তিনি বলেন, ইউরিয়া সারের মজুদ, আমদানি ও বিতরণে কোনো ঘাটতি বা অনিয়ম নেই।

বাফার গোডাউন সূত্রে জানা যায়, কালীগঞ্জের এই সার গোডাউন থেকে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার ১২৬ জন ডিলারের মাধ্যমে ইউরিয়া সার বিতরণ করা হয়। সেপ্টেম্বর মাসে এ দুই জেলায় ইউরিয়া সারের চাহিদা রয়েছে ১০ হাজার ৩৭৩ মেট্রিক টন। গত বছরের একই সময়ে চাহিদা ছিল ৯ হাজার ৫২১ মেট্রিক টন।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, ‘সারের কোনো ঘাটতি নেই। কিছু মানুষ কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করার চেষ্টা করছে।’

তবে স্থানীয় কৃষকদের অভিযোগ, সরকারি বরাদ্দ অনুযায়ী সার থাকলেও ডিলার পয়েন্টে তা নিয়ম মেনে পাওয়া যাচ্ছে না। ফলে আমন মৌসুমে সার সংগ্রহ করতে গিয়ে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।