কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন ‘সনাতন বিদ্যার্থী সংসদ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্রী আকাশ পাল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্রী কেবি জর্জ রায়।
রোববার (১৩ সেপ্টেম্বর) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি শ্রী রাখাল দেবনাথ রনি ও সাধারণ সম্পাদক শ্রী পরিমল চন্দ্র রায় রাণার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী কর্ণ চন্দ্র আচার্য, কার্যালয় বিষয়ক সম্পাদক শ্রীমতী অদিতি পাল, ধর্মচক্র বিষয়ক সম্পাদক শ্রী সঞ্জয় তালুকদার, প্রচার সম্পাদক শ্রীমতী শ্রাবন্তী সরকার পূজা এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক শ্রী বন্ধন রায়।
নবমনোনীত সাধারণ সম্পাদক শ্রী কেবি জর্জ রায় বলেন, ‘এই দায়িত্ব আমার কাছে শুধু সম্মানের নয়, বরং একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। সনাতন ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সনাতন বিদ্যার্থী সংসদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা আরও সুন্দর, সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে—এই প্রত্যাশা রাখি।’
নবমনোনীত সভাপতি শ্রী আকাশ পাল বলেন, ‘এই নতুন পদবি আমার জন্য কেবল একটি দায়িত্ব নয়, বরং সাধারণ শিক্ষার্থীদের সেবা করা এবং আমাদের সনাতনী ঐতিহ্য, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধকে এগিয়ে নেওয়ার এক পরম সৌভাগ্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একা কোনো বড় কাজ অর্জন করা সম্ভব নয়। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, অগ্রজ ও সহপাঠীদের মানবিক ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে অসাম্প্রদায়িক চেতনার এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।’

