গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায় বাংলাদেশ রেলওয়ে থেকে বৈধভাবে লিজ নেওয়া জমিতে রাতের আঁধারে ফসল ও গাছপালা কেটে তছনছ করার অভিযোগ উঠেছে। অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে এ ঘটনায় অভিযোগ করেছেন লিজগ্রহীতা কৃষক হাদিছুর রহমান। এতে তার ও অপর এক লিজগ্রহীতার উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগী হাদিছুর রহমান জানান, প্রায় এক বছর আগে নিয়ম অনুযায়ী গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর রেলব্রিজের উত্তর-পশ্চিম পাশে রেললাইনের অব্যবহৃত জমি লিজ নেন তিনি। পরে সেখানে বিপুল অর্থ বিনিয়োগ করে পুকুর খনন করে মাছ চাষ শুরু করেন। পাশাপাশি পুকুরপাড়ের খালি জায়গায় বিভিন্ন জাতের শাক-সবজি ও কলাগাছ রোপণ করে নিয়মিত পরিচর্যা করছিলেন।
তার অভিযোগ, গত ১২ সেপ্টেম্বর দিবাগত রাতের কোনো একসময় রবিউল মাতুব্বরের ছেলে শাহীন মাতুব্বর (৩৫) ও আতফাক মাতুব্বরের ছেলে রবিউল মাতুব্বর পূর্বশত্রুতার জেরে লিজ নেওয়া জমিতে অনধিকার প্রবেশ করেন। এ সময় তারা পুকুরপাড়ের ফলন্ত কলাগাছ ও সবজি ক্ষেত কেটে তছনছ করে দেন। পরদিন সকালে খামারে গিয়ে বিষয়টি দেখতে পান তিনি।
অপর ক্ষতিগ্রস্ত লিজগ্রহীতা ও চীনপ্রবাসী কৃষিবিদ মো. ইউনুস মোল্লা বলেন, ‘আমি একজন চীনপ্রবাসী ও ব্যবসায়ী। নিয়ম মেনে সরকারি জমি লিজ নিয়ে কলাগাছ, কচু, তরকারি, চীনা মিষ্টি আলু ও বিভিন্ন সবজি চাষ করছিলাম। রাতের অন্ধকারে আমার ফলন্ত গাছ ও সবজি কেটে ফেলেছে। তারা শুধু আমার আর্থিক ক্ষতিই করেনি, আমার এক বছরের কষ্টও মাটি করে দিয়েছে। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকরা ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী হাদিছুর রহমান গোপালগঞ্জ সদর থানায় দুই ব্যক্তির নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
গোপালগঞ্জ সদর থানার অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই গাজী নবীন বলেন, ‘আমি ঘটনাস্থলে সরেজমিনে গিয়েছি। এখনো তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’

