ফেনী প্রতিনিধি
ফেনীতে বাসের ধাক্কায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী একটি হায়েস গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গাড়িতে থাকা বাবুনগরী ও তার সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হেফাজতে ইসলাম সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে বারইয়ারহাট এলাকায় পৌঁছালে বাবুনগরীকে বহনকারী হায়েস গাড়িটির পেছনে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে গাড়িটির পেছনের কাচ ভেঙে যায় এবং পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে থাকা কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর বাবুনগরীকে অন্য একটি ব্যক্তিগত গাড়িতে করে নোয়াখালীতে পূর্বনির্ধারিত কর্মসূচিতে পাঠানো হয়।
হেফাজতে ইসলামের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক বলেন, “বাসের ধাক্কায় গাড়িটির কাচ ভেঙে গেলেও আমিরে হেফাজত ও তার সফরসঙ্গীদের কারও কোনো সমস্যা হয়নি। পরে তিনি অন্য গাড়িতে করে নোয়াখালীর উদ্দেশে যাত্রা করেন।”
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাসের মালিকের কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হেফাজত নেতা ও খেলাফত মজলিসের ফেনী জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ আহমদী জানান, দুর্ঘটনার পর আমিরে হেফাজত তার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

