Nabadhara
ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে গ্রাম আদালতের কার্যক্রমে নজির, সাড়ে ৩ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ আদায়

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) প্রতিনিধি 
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) প্রতিনিধি 

অল্প সময়ে ও স্বল্প ব্যয়ে মামলা নিষ্পত্তি করে যশোরের মনিরামপুরে গ্রাম আদালত কার্যক্রমে তৈরি হয়েছে নতুন দৃষ্টান্ত। গ্রাম আদালত কার্যক্রম শুরুর পর এ উপজেলায় ১ হাজার ৪৭১টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ১০টি মামলা চলমান থাকলেও বাকি প্রায় দেড় হাজার মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলায় বাদী-বিবাদীদের পক্ষে প্রায় ৪ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় হয়েছে।

গ্রাম আদালতে দ্রুত মামলা নিষ্পত্তি হওয়ায় বাদী-বিবাদী উভয়ের অর্থ ও সময় সাশ্রয় হচ্ছে। ইউনিয়ন পরিষদে সুসজ্জিত এজলাসে পবিত্র ধর্মগ্রন্থে শপথ করিয়ে বাদী-বিবাদীর উপস্থিতিতে শুনানি নেওয়া হয়। পাশাপাশি উচ্চ আদালতে দীর্ঘদিন ধরে চলমান কিছু মামলাও গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উপজেলার গ্রাম আদালত কার্যক্রমের সমন্বয়কারী অনুপম ঘোষ জানান, গ্রাম আদালত কার্যক্রম শুরুর পর থেকে এ উপজেলায় মোট ১ হাজার ৪৭১টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ১০টি মামলার কার্যক্রম চলমান রয়েছে। বাকি মামলাগুলো নিষ্পত্তি হয়েছে।

তিনি জানান, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ৩১৪টি মামলা দায়ের হয়। এর মধ্যে ২৯২টি মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলার মধ্যে উচ্চ আদালত থেকে গ্রাম আদালতে এসেছে ৩৭টি। ওই সময়ে মামলা নিষ্পত্তির মাধ্যমে ২৭ লাখ ৪৬ হাজার ৭০০ টাকা ক্ষতিপূরণ আদায় হয়েছে।

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৬২৬টি মামলা দায়ের হয়। এর মধ্যে ৩১টি মামলা ছাড়া বাকি সবগুলো নিষ্পত্তি হয়েছে। ওই সময় উচ্চ আদালত থেকে ৩১টি মামলা এসেছে। এসব মামলা নিষ্পত্তির মাধ্যমে ১ কোটি ৮৭ লাখ ২২ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ আদায় হয়েছে।

চলতি বছরেও ৫২৮টি মামলা নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত গ্রাম আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় হয়েছে ৩ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা।

দ্রুত মামলা নিষ্পত্তির অভিজ্ঞতা জানিয়ে উপজেলার জালালপুর গ্রামের মুনজিলা খাতুন বলেন, ‘গ্রাম আদালতে মামলা দায়েরের দুই দিনের মধ্যেই আমার মামলাটি নিষ্পত্তি হয়েছে।’

বাকোশপোল গ্রামের জোস্না বেগম বলেন, ‘গ্রাম আদালতে মামলা দায়েরের চার দিন পরই মামলাটি নিষ্পত্তি হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন বলেন, ‘ইউনিয়ন পরিষদগুলোর গ্রাম আদালতের এজলাস সুসজ্জিত করে বিচারিক সেবার উপযোগী করা হয়েছে। আমি প্রতি মাসে তিন থেকে চারটি গ্রাম আদালতের কার্যক্রম সরেজমিনে তদারকি করি।’

সংশ্লিষ্টরা বলছেন, স্বল্প সময়ে ও কম খরচে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির সুযোগ থাকায় মনিরামপুরে গ্রাম আদালতের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। নিয়মিত তদারকি ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকলে এ উদ্যোগ স্থানীয় বিচারিক সেবা আরও সহজলভ্য করতে ভূমিকা রাখতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।