মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির পাশের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকসন্তপ্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে নিহত দুই শিশুর বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন প্রত্যেক পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা করে এবং খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন।
উল্লেখ্য, গত রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে জান্নাতী (১১) ও লামিয়া (৮) নামে দুই চাচাতো বোনের মৃত্যু হয়।
নিহত জান্নাতী মুস্তাইন শেখের মেয়ে এবং লামিয়া মোস্তাক শেখের মেয়ে।
দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

