সিজান সিদ্দিকী, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের আরজি পাঁচঘুরিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মুহিন হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় শিশুটি। নিহত মুহিন ওই গ্রামের বাসিন্দা শাহীন হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে নামার পর দীর্ঘ সময় মুহিনকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির মা ও চাচি পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শিশুটি পুকুরের পানিতে পড়ে মারা গেছে।”

