মো. মোকাররম হোসাইন, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—পাঁচবিবি উপজেলার ধরঞ্জী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে নূর আলম বাবু (৪০) এবং জয়পুরহাট সদর উপজেলার হেলকুন্ডা উত্তরপাড়া গ্রামের মৃত কানছা মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৮)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনা এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এসআই (নিঃ) মো. ওমর ফারুক শিমুল, এএসআই (নিঃ) মো. আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে সদর উপজেলার পূর্ব বাজার এলাকায় একটি কাপড়ের দোকানের সামনে থেকে নূর আলম বাবু ও শফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

