আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
এলজিইডির গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় উপজেলা প্রকৌশলী দ্যূতি মণ্ডলের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটসের জিআইএস স্পেশালিস্ট সাকিব হাসান।
কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, দেবহাটা থানার এসআই বিপ্লব মালাকার, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মণ্ডল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় দেবহাটা উপজেলার দুটি সড়ক কোর রোড নেটওয়ার্কের আওতায় নেওয়ার জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়। একই সঙ্গে আরও তিনটি সড়ক কোর রোডের আওতায় নেওয়ার জন্য প্রস্তাবনা দেওয়া হয়।
এ সময় সড়কের স্থায়িত্ব বাড়াতে রাস্তার দুই পাশে ১০ ফুট পর্যন্ত মাটি দেওয়ার পাশাপাশি ঘেরসংলগ্ন এলাকায় সুরক্ষা বাঁধ (প্রটেক্টিভ বের্ম) নির্মাণের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
কর্মশালায় উপজেলার গ্রামীণ সড়কগুলোর বর্তমান অবস্থা, প্রয়োজনীয়তা ও অগ্রাধিকার নির্ধারণ এবং সংশ্লিষ্ট তথ্য যাচাই নিয়ে আলোচনা করা হয়।

