জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে সবুজ আলম (১৭) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৌর শহরের চরকাউরিয়া পশ্চিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সবুজ আলম ওই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সবুজ আলম মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়দের দাবি। মাদক গ্রহণের জন্য তিনি প্রায়ই মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন বলেও জানা গেছে।
বৃহস্পতিবার সকালে নিজ ঘরে ছটফট করতে করতে সবুজ আলমের মৃত্যু হয়। পরে তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ‘তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

