দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা ও দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দহকুলা কারিগরপাড়া ও জোতপাড়া গ্রামের কয়েকজন মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দহকুলা কারিগরপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. রওশন আলী ওরফে নুশু মারা যান।
আহতরা হলেন একই গ্রামের মৃত হারেজ আলীর ছেলে সমেজ আলী ও রজব আলী এবং জোতপাড়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে আব্দুল জলিল। তারা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে, দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে আরোজ আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বজ্রপাতের পর ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আকুল উদ্দিন জানান, বজ্রপাতে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ ঘটনায় কয়েকজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিনও বজ্রপাতে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

