স্টাফ রিপোর্টার, নড়াইল
বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে আধুনিক ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সব স্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এ ছাড়া খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানের লক্ষ্যে কাজ চলমান রয়েছে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, পুলিশ সুপার মো. আল মামুন শিকদার, গণপূর্ত নড়াইলের নির্বাহী প্রকৌশলী সরোয়ার হোসেইন, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আকবর আহম্মদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মুস্তাফিজুর রহমান, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন এবং নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলুসহ সংশ্লিষ্টরা।
সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এ সময় অংশগ্রহণকারীরা নড়াইল জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয় তুলে ধরেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত দেন।

