শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
আর মাত্র কয়েক দিন পরই বিদেশে পাড়ি দেওয়ার কথা ছিল সোহেল মিয়ার (২৭)। বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণে প্রয়োজনীয় ফিঙ্গারপ্রিন্ট দিতে বৃহস্পতিবার সকালে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। কিন্তু সেই যাত্রাই হয়ে গেল তার জীবনের শেষ যাত্রা। পথে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এই যুবক।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া উপজেলার জিনারদী ইউনিয়নের ডাঙ্গা ভাড়ারিয়াপাড়া এলাকার জালাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কাঠের দোকানে কাজ করতেন।
পরিবার সূত্রে জানা যায়, বিদেশ যাওয়ার প্রস্তুতি হিসেবে সোহেলের প্রয়োজনীয় কাগজপত্রের কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। বৃহস্পতিবার সকালে ফিঙ্গারপ্রিন্ট দিতে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুতে পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা জালাল মিয়া। তিনি বলেন, “বিদেশ যাওয়ার জন্য অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল সোহেল। ফিঙ্গারপ্রিন্ট দিতে আজ সকালে ঢাকায় যাচ্ছিল। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।”
যে তরুণ কয়েক দিনের মধ্যেই বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই থেমে গেল তার সেই স্বপ্ন। সোহেলের আকস্মিক মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহাউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার্ডভ্যান ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

