ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে বাড়ির সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে চাচা-ভাতিজার সংঘর্ষে মোহাম্মদ জাহিদুল বিশ্বাস (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর দুই ভাতিজা শাকিল বিশ্বাস (২৫) ও সাইমুন বিশ্বাস (১৯) জড়িত বলে জানা গেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের বিশ্বাসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল বিশ্বাস ওই গ্রামের মৃত বদিউল আলম বিশ্বাসের ছেলে। অভিযুক্ত শাকিল ও সাইমুন একই গ্রামের আমোদ আলী বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে চাচা-ভাতিজাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। জাহিদুল বিশ্বাসের অভিযোগ ছিল, তাঁর জায়গায় সিঁড়ি নির্মাণ করা হচ্ছে, এতে তাঁর চলাচলে অসুবিধা হবে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জাহিদুল কোদাল দিয়ে ভাতিজা শাকিলের মাথায় আঘাত করেন বলে স্থানীয়রা জানান।
পরে শাকিল ও সাইমুন ক্ষুব্ধ হয়ে জাহিদুলের মাথায় আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ সোহেল রানা তাঁকে মৃত ঘোষণা করেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

