Nabadhara
ঢাকাশুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় চাচা-ভাতিজার জমি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি নিয়ে চাচা-ভাতিজার বিরোধের জেরে বাড়িতে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার চেষ্টা এবং জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাতিজা সিরাজ শেখসহ ছয়জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন চাচা মো. মোতালেব শেখ (৬৫)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বানা ইউনিয়নের টোনা মৌজার আড়পাড়া (মাচপাড়া) এলাকার বাসিন্দা মোতালেব শেখ আলফাডাঙ্গা থানায় এ অভিযোগ করেন। এতে ছয়জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজ শেখের নেতৃত্বে ৭-৮ জন লোক মোতালেব শেখের জমিতে প্রবেশ করেন। পরে তাঁরা বাঁশের খুঁটি পুঁতে পাটকাঠির বেড়া দিয়ে জমি দখল এবং বাড়িতে যাতায়াতের পথ বন্ধ করার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় বাধা দিলে অভিযুক্তরা ভয়ভীতি দেখিয়ে জীবননাশের হুমকি দেন বলেও অভিযোগ করেছেন মোতালেব শেখ।

মোতালেব শেখ বলেন, সংশ্লিষ্ট জমির বৈধ কাগজপত্র তাঁর নামে রয়েছে এবং তিনি নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করে আসছেন। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা করে আসছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সিরাজ শেখ। তিনি বলেন, “আমার চাচা মোতালেব শেখ যে জমিটিকে নিজের দাবি করছেন, সেটি নিয়ে আমাদের মধ্যে বিরোধ রয়েছে। আমরা জোর করে কারও জমি দখল করিনি এবং তাঁকে কোনো ধরনের হুমকিও দেওয়া হয়নি।”

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার বলেন, “অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জমির কাগজপত্র ও প্রকৃত ঘটনা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।