কালকিনি ও ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে সাংবাদিক পরিচয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে উজ্জ্বল মণ্ডল (৩০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা। পরে লিখিত মুচলেকা দিয়ে তিনি ছাড়া পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালীগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত উজ্জ্বল মণ্ডল কালকিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নয়াকান্দি গ্রামের ঝন্টু মণ্ডলের ছেলে। তিনি নিজেকে ‘সাপ্তাহিক এশিয়া বার্তা’ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন বলে স্থানীয়দের অভিযোগ।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বালীগ্রাম ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিজানুর রহমান ছুটিতে থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতি নিয়ে দাপ্তরিক কাজ পরিচালনা করছেন কম্পিউটার অপারেটর আবদুস সালাম। সম্প্রতি উজ্জ্বল মণ্ডল ওই কার্যালয়ে গিয়ে তাঁকে ভয়ভীতি দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে অফিসের কাজ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
এ অবস্থায় বাধ্য হয়ে উজ্জ্বলকে ১০ হাজার টাকা দেন আবদুস সালাম। বৃহস্পতিবার দুপুরে বাকি ২০ হাজার টাকা নিতে ভূমি অফিসে এলে স্থানীয়রা তাঁকে আটক করেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, উজ্জ্বল মণ্ডল ওই অফিসের পিয়ন দেলোয়ার হোসেনের কাছেও বেতনের টাকা দাবি করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
কম্পিউটার অপারেটর আবদুস সালাম বলেন, “সাংবাদিক পরিচয়ে আমাকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন উজ্জ্বল। আগে ১০ হাজার টাকা নিয়েছিলেন। বাকি টাকা নিতে এলে স্থানীয়রা তাঁকে ধরে ফেলেন।”
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, সাংবাদিকতার মতো সম্মানজনক পেশার পরিচয় ব্যবহার করে একটি চক্র বিভিন্ন স্থানে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে। এতে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযুক্ত উজ্জ্বল মণ্ডলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

