ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অনুমোদনহীন একটি আয়ুর্বেদিক ওষুধ কারখানায় দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ ও শিশুদের জন্য ক্ষতিকর জেল জব্দ করেছে এসআরবি-১৯। এ ঘটনায় কারখানাটির ম্যানেজার জিল্লুর রহমানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে শহরের গোয়ালচামট ১ নম্বর সড়কের ‘জনতা ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। এসআরবি-১৯-এর কোম্পানি অধিনায়ক মেজর ফারহানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার প্রথম দফায় অভিযান চালিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাইজিদ হোসেন শাহেদকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটিতে দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানটির ওষুধ উৎপাদনের বৈধ কাগজপত্র বা অনুমোদন দেখাতে না পারায় তল্লাশি চালানো হয়। এ সময় কথিত নকল যৌন উত্তেজক ওষুধ এবং শিশুদের জন্য ক্ষতিকর জেলসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির ম্যানেজার জিল্লুর রহমানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা তরল ওষুধ স্থানীয় একটি ডোবায় ফেলে ধ্বংস করা হয়। অন্য মালামাল ও ওষুধ জব্দ করা হয়েছে। পাশাপাশি ওষুধ তৈরির ভারী যন্ত্রপাতি জব্দ করে স্থানীয় বাড়ির মালিকের জিম্মায় রাখা হয়েছে।
এদিকে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাইজিদ হোসেন শাহেদকে এনসিপির ফরিদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাকিব রহমান আকাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক শাহেদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আয়ুর্বেদিক কারখানাটিতে দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। সেখানে বৈধ অনুমোদন ছাড়াই মানবদেহের জন্য ক্ষতিকর নকল ওষুধ তৈরি করা হচ্ছিল বলে অভিযানে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

