ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বগাদানা ইউনিয়নের কাটাখিলায় এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানে কাটাখিলা বাজার থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাটাখিলা সামাদিয়া মাদরাসা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব উল্যাহ পারভেজের সভাপতিত্বে এবং কাটাখিলা-আলমপুর সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদাউস মিতা, দক্ষিণ আফ্রিকা বিএনপির মহাসচিব ও সাবেক যুবদল নেতা মো. ওমর ফারুক, চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফেজ আবুল বশর, সোনাগাজী মডেল থানার এসআই নৃদুল কপালি, কাটাখিলা সামাদিয়া মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাও. নিজাম উদ্দিন, বগাদানা ইউনিয়ন বিএনপি নেতা শহীদুল ইসলাম এবং চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওয়াহেদ হোসেন ফরিদ।
এ ছাড়া বক্তব্য দেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন শাহীন, সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আসাদুল ইসলাম আসিফ, সমাজসেবক হাবিবুর রহমান, যুবদল নেতা আবদুল হক চৌধুরী, জাহাঙ্গীর আলম ও শহীদুল ইসলাম মামুনসহ অনেকে।
বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়ানো, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

