স্টাফ রিপোর্টার
বাগেরহাটের চিতলমারীতে সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে ভাঙচুর ও মা মারিয়ার মূর্তি চুরি করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মো. ফায়জুল শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গ্রেপ্তার ফায়জুলের দেওয়া তথ্যের ভিত্তিতে চার্চের পাশের পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ফায়জুল শেখ উপজেলার বারাশিয়া গ্রামের সোহরাব শেখের ছেলে। তার বিরুদ্ধে চিতলমারী থানায় একটি মাদক মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চিতলমারীর নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের বারান্দার দেওয়ালে লাগানো কাচের বাক্স ভাঙচুর করে ভেতরে থাকা মা মারিয়ার মূর্তিটি নিয়ে যান ফায়জুল শেখ। পরে তিনি মূর্তিটি চার্চের পাশের একটি পুকুরে ফেলে দেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। পরে অভিযান চালিয়ে ফায়জুল শেখকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী চার্চের পাশের পুকুর থেকে মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের সভাপতি পিটার শঙ্কর ব্রহ্ম বাদী হয়ে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।

