ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শন করে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি তদারকি করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি চৌধুরী নায়াব ইউসুফ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি হাসপাতাল দুটিতে গিয়ে বিভিন্ন ওয়ার্ড সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি শয্যাশায়ী রোগীদের চিকিৎসাসেবার মান, জরুরি ওষুধের প্রাপ্যতা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা হচ্ছে কি না, তা জানতে রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “দুটি হাসপাতালেই বর্তমানে নির্ধারিত ধারণক্ষমতার তুলনায় বহু গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।”
তিনি আরও বলেন, ফরিদপুর জেনারেল হাসপাতালকে আনুষ্ঠানিকভাবে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অনুমোদন প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি বাস্তবায়িত হলে ফরিদপুরসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ আরও উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

