Nabadhara
ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে মাছ-সবজি বাজারের সড়কে অসংখ্য গর্ত, কাদাপানিতে ভোগান্তিতে হাজারো মানুষ

আমতলী (বরগুনা) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী পৌরসভার নতুন বাজারের মাছ ও সবজি বাজারের সামনের প্রায় ৫০০ মিটার সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এসব গর্তে পানি জমে কাদায় একাকার হয়ে যাওয়ায় বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও জেলা শহরে যাতায়াতকারী হাজারো মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সড়কটি আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের আওতাভুক্ত হওয়ায় অন্য কোনো সংস্থা এর সংস্কার করছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বরগুনা সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী নতুন বাজার-বরগুনা আঞ্চলিক মহাসড়কটি ২০২০ সালে সংস্কার করা হয়। চলতি বছর পটুয়াখালী-কুয়াকাটা সড়কটি সংস্কার করা হলেও আমতলী নতুন বাজার থেকে বরগুনার সঙ্গে সংযুক্ত আমতলী ফেরিঘাট পর্যন্ত প্রায় ৮০০ মিটার সড়ক সংস্কার করা হয়নি।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় আমতলী নতুন বাজার চৌরাস্তার পাশে মাছ ও সবজি বাজারের সামনের প্রায় ৫০০ মিটার সড়কে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি এসব গর্তে জমে কাদার সৃষ্টি হওয়ায় পথচারীদের হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়ে।

সড়কটির পাশেই রয়েছে আমতলী পৌরসভার মাছ ও সবজি বাজার। প্রতিদিন শত শত মানুষ এ বাজারে মাছ ও সবজি কেনাবেচা করতে আসেন। বিভিন্ন এলাকা থেকে পাইকারি বিক্রির জন্য পিকআপসহ বিভিন্ন যানবাহনে মাছ ও সবজি নিয়ে ব্যবসায়ীরাও এখানে আসেন। এ ছাড়া এই সড়ক দিয়ে জেলা শহরে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, আমতলী নতুন বাজার চৌরাস্তা মোড় থেকে মাছবাজার পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়কের পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের গভীরতা বেশি হওয়ায় নিচের খোয়া উঠে কাদা-মাটি ওপরে চলে এসেছে। এতে পুরো সড়ক কাদাপানিতে একাকার হয়ে গেছে।

বাজারে আসা অনেক ক্রেতাকে গর্ত এড়িয়ে চলাচল করতে দেখা গেছে। কেউ কেউ হোঁচট খেয়ে কাদাপানিতে পড়ে পোশাক নষ্ট করে বাড়ি ফিরছেন। এ ছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের সময় প্রায়ই গর্তে আটকে পড়ায় যানজটের সৃষ্টি হচ্ছে।

মাছ ও সবজি বাজারে আসা ক্রেতা হাসানুল বান্না বলেন, “সড়ক বেহাল থাকায় বাজারে যাওয়ার সময় কাদাপানিতে কাপড়চোপড় নষ্ট হয়ে যায়। তাই অনেক সময় বাসায় ফিরে গোসল করতে হয়।”

পাইকারি মাছ বিক্রেতা মো. বারেক প্যাদা বলেন, “সড়ক ভাঙা থাকায় কোনো পাইকার গাড়ি নিয়ে এই বাজারে আসতে চান না। এতে ব্যবসায় ক্ষতি হচ্ছে।”

মাছবাজারের পাশের মুদি ও মনিহারি ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, “রাস্তা খারাপ থাকায় এই বাজারে কেউ আসতে চায় না। লোকজন কম আসায় বিক্রিও অনেক কমে গেছে।”

বরগুনা সওজের উপসহকারী প্রকৌশলী মো. বিল্লাল হোসেন বলেন, “সপ্তাহখানেকের মধ্যে গর্তগুলো মেরামত করা হবে।”

তিনি আরও বলেন, “সড়কের পাশে মাছ ও সবজি বাজার থাকায় অতিরিক্ত লোড এবং সব সময় পানি জমে থাকার কারণে পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এর স্থায়ী সমাধানের জন্য আগামী অর্থবছরে আরসিসি ঢালাই দিয়ে সড়কটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।