Nabadhara
ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিবিআই কর্মকর্তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তাদের জন্য পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অপরাধ তদন্তে ফরেনসিক বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি (আইএফএসসিএস) এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।

“অ্যাপ্লিকেশন অব ফরেনসিক সায়েন্স ইন ক্রিমিনাল ইনভেস্টিগেশনস: ফ্রম ক্রাইম সিন টু দ্য কোর্টরুম” শীর্ষক এ প্রশিক্ষণে পিবিআইয়ের ৩০ কর্মকর্তা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ কর্মসূচি আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, একটি মামলার তদন্তে ছোট একটি আলামতও গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠতে পারে। তাই অপরাধস্থল থেকে আলামত সংগ্রহ, সংরক্ষণ, পরীক্ষাগারে পাঠানো, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং আদালতে উপস্থাপন—তদন্তের প্রতিটি ধাপে সতর্কতা ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা জরুরি।

 

তিনি বলেন, অপরাধের ধরন পরিবর্তনের পাশাপাশি অপরাধ সংঘটনে প্রযুক্তির ব্যবহারও বাড়ছে। ফলে প্রচলিত তদন্ত পদ্ধতির পাশাপাশি ফরেনসিক বিজ্ঞান, ডিজিটাল ফরেনসিক, ডিএনএ বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য উদীয়মান প্রযুক্তিকে তদন্ত প্রক্রিয়ায় আরও কার্যকরভাবে যুক্ত করতে হবে।

উপাচার্য আরও বলেন, ডিজিটাল ডিভাইস ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে তদন্তে ডিজিটাল আলামতের গুরুত্ব বেড়েছে। ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, ফরেনসিক প্যাথলজি, ডিজিটাল ফরেনসিক ও এআইভিত্তিক প্রযুক্তি তদন্তে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি এর সীমাবদ্ধতা, প্রমাণের গ্রহণযোগ্যতা এবং প্রাপ্ত তথ্যের সঠিক ব্যাখ্যাও তদন্ত কর্মকর্তাদের জানা প্রয়োজন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে দেশের বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের জন্য এ ধরনের প্রয়োগমুখী প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও গবেষণাকে বাস্তব ক্ষেত্রে কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এ ধরনের প্রশিক্ষণ আরও সম্প্রসারণ করা হবে।

প্রশিক্ষণে অপরাধস্থল ব্যবস্থাপনা, শারীরিক ও জৈবিক আলামত সংগ্রহ, সংরক্ষণ ও প্যাকেজিং, চেইন অব কাস্টডি, পরীক্ষাগারে আলামত পাঠানো ও ট্র্যাকিং, ফরেনসিক ডিএনএ, ফরেনসিক প্যাথলজি ও টক্সিকোলজি, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের সীমাবদ্ধতা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্রমাণ ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে।

এতে মোট ২৪টি সেশন অনুষ্ঠিত হচ্ছে। ‘ফরেনসিক ফাইন্ডিং থেকে জুডিশিয়াল ফাইন্ডিং’, ‘অপরাধ তদন্তে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’, ‘ফরেনসিক রিপোর্ট ও বিশেষজ্ঞ সাক্ষ্য’, ‘ফরেনসিক প্রমাণের সীমাবদ্ধতা’ এবং ‘পুলিশি জিজ্ঞাসাবাদ ও মানবাধিকার’সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণের বিভিন্ন সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়, পিবিআই, সিআইডি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং দেশ-বিদেশের বিশেষজ্ঞরা রিসোর্স পারসন হিসেবে অংশ নিচ্ছেন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের স্কুল অব ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিসের ফরেনসিক স্টাডিজের সিনিয়র লেকচারার ড. হেলেন আরওয়াকার অনলাইনে ‘সিগনিফিকেন্স অ্যান্ড ইমপ্যাক্ট অব ফরেনসিক ইভিডেন্স’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন।

প্রশিক্ষণ কর্মসূচির কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইএফএসসিএস-এর প্রধান অধ্যাপক মোহাম্মদ বিন কাশেম। কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার মিসেস সামিরা সুলতানা।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের ডিআইজি সুজায়েত ইসলাম, ডিআইজি আবুল কালাম আজাদ, অতিরিক্ত ডিআইজি আলিমুজ্জামান, কোর্স সমন্বয়ক মো. আরিফুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া, জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী পিবিআই কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।