নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর সিটি করপোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। উদ্বোধনী ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে অঞ্চল-৮ (কাশিমপুর)কে ৩-২ গোলে হারিয়ে জয় পেয়েছে অঞ্চল-২ (পূবাইল)।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কাশিমপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠ (গিয়াস উদ্দিন সরকার খেলার মাঠ) এ ম্যাচ অনুষ্ঠিত হয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি জমে ওঠে। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পূবাইল অঞ্চল।
এর আগে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানমের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। রোববার বিকেল ৩টায় টুর্নামেন্ট ও উদ্বোধনী ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. হাসান উদ্দিন সরকার।
খেলা পরিচালনা ও ধারাভাষ্যের মাধ্যমে ম্যাচের বিভিন্ন দিক তুলে ধরেন ক্রীড়াবিদ আব্দুর রহিম খান খালা।
উদ্বোধনী ম্যাচ ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। দর্শকদের ভিড়ে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গা না থাকায় আশপাশের বিভিন্ন ভবনের ছাদ থেকেও অনেকে খেলা উপভোগ করেন।
আয়োজকরা জানান, অঞ্চলভিত্তিক এ টুর্নামেন্টের পরবর্তী সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ গাজীপুরের বিভিন্ন স্টেডিয়াম ও কলেজ মাঠে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

