জাবিপ্রবি প্রতিনিধি
‘হাওর-পাহাড়-নদী বেষ্টিত আমাদের নেত্রকোনা, সহজ-সরল মিষ্টি স্বভাব আর অতিথিপরায়ণতা’—এই স্লোগানকে সামনে রেখে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নেত্রকোনা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘ফ্রেশার্স রিসেপশন ও সিনিয়রস হারমনি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সভাকক্ষে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নেত্রকোনা জেলা থেকে আগত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি প্রবীণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
নেত্রকোনা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আশিক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জিকুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুজিত রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. অলি উল্লাহ চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা ও উপাচার্যের একান্ত সচিব মাহবুব আলম এবং নেত্রকোনা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি দেবব্রত সরকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি সহযোগিতার মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেত্রকোনার কৃষ্টি, সংস্কৃতি ও অতিথিপরায়ণতার ঐতিহ্য ধারণ করে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমেও শিক্ষার্থীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, আড্ডা ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

