Nabadhara
ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবিতে ৭৫০টি ‘টার্নিটিন’ অ্যাকাউন্ট পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকেরা

জাবিপ্রবি প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

গবেষণার মানোন্নয়ন, একাডেমিক সততা নিশ্চিত করা এবং প্লেজিয়ারিজমসহ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার প্রতিরোধে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) চালু হয়েছে আন্তর্জাতিক মানের প্লেজিয়ারিজম শনাক্তকারী সফটওয়্যার ‘টার্নিটিন’ (Turnitin)। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য ৭৫০টি অ্যাকাউন্ট বরাদ্দ দেওয়া হচ্ছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সেমিনার কক্ষে রিসার্চ সেলের উদ্যোগে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টার্নিটিনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, প্রযুক্তির যুগে এর ব্যবহার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তবে প্রযুক্তির ব্যবহার হতে হবে একাডেমিক সততা ও নৈতিকতা বজায় রেখে। বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য শুধু জ্ঞান বিতরণ নয়, নতুন জ্ঞান সৃষ্টি করা। টার্নিটিন শিক্ষক ও গবেষকদের আন্তর্জাতিক মানসম্পন্ন ও নির্ভরযোগ্য গবেষণাকর্ম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন বলেন, শিক্ষার্থীদের মধ্যে চ্যাটজিপিটি বা অন্যান্য এআইভিত্তিক প্ল্যাটফর্ম থেকে হুবহু লেখা কপি করার প্রবণতা উদ্বেগজনক। তথ্য চুরি বা প্রযুক্তির অপব্যবহার হচ্ছে কি না, তা তদারকি ও যাচাইয়ের ক্ষেত্রে টার্নিটিন কার্যকর একটি হাতিয়ার হিসেবে কাজ করবে।

 

বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে টার্নিটিন ব্যবহারের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অনলাইনে যুক্ত হয়ে প্রশিক্ষণ দেন টার্নিটিনের দক্ষিণ এশিয়া অঞ্চলের কাস্টমার অনবোর্ডিং কনসালটেন্ট আশিতা খান্ডেলওয়াল এবং বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ ও নেপাল অঞ্চলের সহকারী ব্যবস্থাপক অমিত পাল।

 

রিসার্চ সেল সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকেরা নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করে টার্নিটিন ব্যবহারের জন্য আইডি বা অ্যাকাউন্ট সংগ্রহ করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে ৭৫০টি অ্যাকাউন্ট বরাদ্দ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান সুজিত রায়, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদীকুর রহমান, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহজালাল, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হোসেন, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. অলি উল্লাহ চৌধুরী এবং ইইই বিভাগের প্রভাষক মো. রেজওয়ানুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।