রুয়েট প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আরএইচ গেট (RH Gate) সংলগ্ন রাজশাহী-নাটোর-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় তিনি আহত হন।
আহত শিক্ষার্থীর নাম অংকন সান্নামাত। তিনি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অংকন রুয়েটের উদ্দেশে আরএইচ গেট সংলগ্ন মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তার একটি দাঁত ভেঙে যায়। এছাড়া হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। মাথায় আঘাতের কারণে তার মাথায় বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার সিটি স্ক্যান করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এদিকে, রুয়েটের বিভিন্ন গেটসংলগ্ন মহাসড়কে যানবাহনের বেপরোয়া ও দ্রুতগতির কারণে দীর্ঘদিন ধরে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন শিক্ষার্থীরা। বিশেষ করে গেটসংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপারে কার্যকর ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
শিক্ষার্থীরা বলছেন, দুর্ঘটনা এড়াতে রুয়েটের গেটসংলগ্ন সড়কে গতিরোধক নির্মাণ, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

