দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নৈরাজ্য এবং ‘দেশবিরোধী অপতৎপরতার’ অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাঙ্গাশিয়া ইউনিয়ন যুবদল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পাঙ্গাশিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে গিয়ে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সাধারণ সম্পাদক মো. জহিদুল ইসলাম রুবেল ও সাংগঠনিক সম্পাদক মো. কালাম তালুকদার। এ ছাড়া ইউনিয়ন ও স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে যুবদল নেতারা অভিযোগ করেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাট চালিয়েছে।’ বক্তারা আরও দাবি করেন, বর্তমানে তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে।
বক্তারা বলেন, রাজপথে যুবদল সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের ওপর কোনো ধরনের হামলা বা জুলুমের চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

