কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকায় ১৯২১ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ‘এনায়েতনগর ওয়েজিয়া দাখিল মাদ্রাসা’। প্রতিষ্ঠার পর থেকেই এ অঞ্চলে দ্বীনি ও সাধারণ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রতিষ্ঠানটি। দীর্ঘ পথচলায় বহু শিক্ষার্থীকে শিক্ষা দিয়ে স্থানীয় পর্যায়ে সুনাম অর্জন করলেও শত বছরের ইতিহাস ও ঐতিহ্য বহনকারী এই মাদ্রাসাটি এখনো জাতীয়করণের অপেক্ষায় রয়েছে।
বর্তমানে মাদ্রাসাটি সুপার মো. এমদাদুল হক খানের পরিচালনায় শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিক্ষক ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় নিয়মিত পাঠদান ও অন্যান্য কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও পরিচালনায় দায়িত্ব পালন করছেন মো. আবুল বাশার মিয়া, উজ্জ্বল ভক্ত, মুহাম্মাদ সোহায়েল, মো. শহিদুল ইসলাম, মো. মাহিদুল ইসলাম, এনায়েত হোসেন, হোসনেয়ারা আক্তার, মো. সিরাজুল ইসলাম, সালেকুর রহমান, মো. সিরাজুল ইসলাম (২), মো. হান্নান মিয়া, মোসা. জমিলা, মো. মশিউর রহমান ও হাসিবা।
স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও অভিভাবকরা জানান, ১৯২১ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটি শতবর্ষ পার করলেও এখনো কাঙ্ক্ষিত সরকারি সুবিধা থেকে পিছিয়ে রয়েছে। তাদের মতে, মাদ্রাসাটি জাতীয়করণের আওতায় আনা হলে এলাকার দরিদ্র ও সাধারণ পরিবারের শিক্ষার্থীরা আরও সুযোগ-সুবিধা পাবে এবং শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে সহায়ক হবে।
শতবর্ষের ঐতিহ্য বহনকারী এনায়েতনগর ওয়েজিয়া দাখিল মাদ্রাসাটিকে জাতীয়করণের আওতায় আনতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বৃহত্তর এনায়েতনগর এলাকার বাসিন্দারা।

