মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মাদক, সন্ত্রাস, চুরি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিস্তার প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে যশোরের মনিরামপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ।
দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিট অফিসার মিলন মোল্যার সঞ্চালনায় সভায় স্থানীয় সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. আবু সাঈদ বলেন, ‘কিশোর গ্যাং, মাদক ও বাল্যবিবাহ শুধু একটি পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নয়; এগুলো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী করছে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন ও বন্ধুত্বপূর্ণ নজরদারি রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের কোনো সমস্যাকে ভয় বা সংকোচের কারণে গোপন না করে শিক্ষক, অভিভাবক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। সম্মিলিত সচেতনতাই এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনিরামপুর থানার সেকেন্ড অফিসার মানিক কুমার সাহা, দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহসভাপতি হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল আজিজসহ দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

