নওগাঁ প্রতিনিধি
নওগাঁর সাপাহারে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মো. মোহাম্মদ আলী (২৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই মাদ্রাসার পরিচালক ও শিক্ষক বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে ওই ছাত্রী একা থাকাকালে মোহাম্মদ আলী সেখানে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি ওই ছাত্রীকে জোরপূর্বক যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় ভুক্তভোগী ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক সেখান থেকে পালিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ মোহাম্মদ আলীকে আটক করে।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে সাপাহার থানায় মামলা করেন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

