আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা বন কর্মকর্তা কালীপদ পুইস্তা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা ও আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম।
সভায় বক্তারা প্রবীণদের সম্মান, অধিকার, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও নিরুপম মজুমদার বলেন, “প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তারা আমাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনার উৎস। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। প্রবীণদের অধিকার, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। পরিবার ও সমাজের সব পর্যায়ে প্রবীণদের সম্মান ও উপযুক্ত মর্যাদা দিতে আমাদের সবার এগিয়ে আসতে হবে।”
র্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং প্রবীণ নাগরিকরা অংশ নেন।

