নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে তাসলিমা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী সামির হোসেন (২০) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিয়ের মাত্র তিন মাসের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
রোববার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চেরাগপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাসলিমা আক্তার উপজেলার চেরাগপুর গ্রামের নুরুন্নবীর মেয়ে এবং বগুড়া জেলার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে পারিবারিকভাবে বগুড়া জেলায় সামির হোসেনের সঙ্গে তাসলিমার বিয়ে হয়। রোববার দুপুর ১টার দিকে স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন তিনি। পরে দুপুর আড়াইটার দিকে তাসলিমা তাঁর আট বছর বয়সী ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান।
এ সময় তাঁর ছোট ভাই পুকুরপাড়ে বসে ছিল। তাসলিমা ও তাঁর স্বামী পানিতে নামার পর গোসলের একপর্যায়ে পানির গভীরে তলিয়ে যান। স্থানীয়রা জানান, দুজনই সাঁতার জানতেন না।
বিষয়টি দেখতে পেয়ে তাসলিমার ছোট ভাই চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে পুকুরে নেমে তাঁদের উদ্ধার করেন। পরে তাসলিমাকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর অসুস্থ অবস্থায় সামির হোসেনকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ‘এ ঘটনায় থানায় ইউডি মামলা করার প্রস্তুতি চলছে।’

