কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ঝালকাঠির কাঁঠালিয়ার বিষখালী ও হলতা নদীতে আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে ইলিশ ধরা বন্ধ হচ্ছে। নিষেধাজ্ঞা শুরুর আগে সকাল থেকেই নৌকা-ট্রলার নিয়ে জেলেরা ঘাটে ফিরতে শুরু করেছেন। শেষ দিনের মতো নদী ও ঘাটে চলছে ইলিশের বেচাকেনা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ থাকবে। এ কর্মসূচি সফল করতে উপজেলা পর্যায়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে। নদীতে নৌকা নিয়ে অভিযান চালানোর পাশাপাশি শহর, বন্দর ও বিভিন্ন হাট-বাজারে নজরদারি করা হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞার সময়ে নিবন্ধিত জেলেদের জন্য সরকার ভিজিএফের মাধ্যমে খাদ্য সহায়তা দেবে। ঝালকাঠি জেলায় ৪ হাজার ২০০ জন নিবন্ধিত জেলেকে জনপ্রতি ২৫ কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে মৎস্য বিভাগ।

