ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চাকলার বাজার এলাকায় জেলা তথ্য অফিসের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাসিব ইকবাল তালুকদার। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির সভাপতি মো. উজ্জ্বল রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের নেতা ও সমাজসেবক মাহাবুবুল ইসলাম সবুজ এবং সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম।
এ সময় স্থানীয় শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
অভিযানে সংগঠনের সদস্য ও স্থানীয় বাসিন্দারা চাকলার বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় জমে থাকা পানি পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।
প্রচারণায় বাসাবাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও পুরোনো টায়ারে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কারের পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া দিনের বেলাতেও এডিস মশা কামড়াতে পারে উল্লেখ করে সতর্ক থাকার এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা কোনো সংগঠনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি সপ্তাহে অন্তত একদিন জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করলে এডিস মশার বংশবিস্তার অনেকটাই রোধ করা সম্ভব।

