যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাজিদ মাহমুদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাজিদ উপজেলার মির্জানগর গ্রামের শেখ হাসানুল হকের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম।
পরিবার সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে গত শুক্রবার বিষ্ণুপুর গ্রামে নানা মোখলেছুর রহমানের বাড়িতে বেড়াতে আসে সাজিদ। রোববার সকালে খেলাধুলার একপর্যায়ে পরিবারের সদস্যদের চোখের আড়ালে চলে যায় সে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনেরা।
দ্রুত উদ্ধার করে সাজিদকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

