Nabadhara
ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পদ্মায় নৌকাবাইচে দুই নৌকার সংঘর্ষ, আহত ২০

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পদ্মা নদীতে তিন দিনব্যাপী নৌকাবাইচের শেষ দিনে প্রতিযোগিতার সময় দুই নৌকার সংঘর্ষে অন্তত ২০ জন মাঝি আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় একটি নৌকা ডুবে যায়। পরে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আহত ও ডুবে যাওয়া নৌকার মাঝিদের উদ্ধার করা হয়।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ীর লালগোলা এলাকায় পাবনার ‘নিউ শাড়িরভিটা’ ও কুষ্টিয়ার ‘নিউ জনতা সংগ্রাম’ নৌকার মধ্যে এ সংঘর্ষ ঘটে। অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে স্পিডবোট নিয়ে উদ্ধার অভিযান চালায় দৌলতদিয়া নৌ-পুলিশ।

আহতদের মধ্যে পাবনার আমিনপুরের রাকিব (১৭), রওশন (৪০), মাসুদ শেখ (৩০), শাহিন শেখ (৩৫), সুজাত শেখ (২৬), লতিফ সরদার (৩৫), শরিফ শেখ (৩০), সাদ্দাম (৩৭), বাবলু (৪০), ইসরাফিল (৪৭), হাবিব (২৫), কায়েস (১৮) এবং রাজবাড়ীর কালুখালীর আলাউদ্দিন (৩৫) ও শফিকুল ইসলাম (৪৪) রয়েছেন। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার তিন দিনব্যাপী নৌকাবাইচ ও গ্রামীণ মেলার উদ্বোধন করেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। শনিবার ছিল উৎসবের শেষ দিন। সন্ধ্যার দিকে প্রতিযোগিতার শেষ পর্যায়ে পাবনার আমিনপুরের ‘নিউ শাড়িরভিটা’ ও কুষ্টিয়ার ‘নিউ জনতা সংগ্রাম’ নৌকার মধ্যে প্রতিযোগিতা চলছিল। এ সময় নিউ শাড়িরভিটা নৌকাটি এগিয়ে থাকলে অপর নৌকাটি সেটিকে ধাক্কা দেয় বলে অভিযোগ উঠেছে। এতে নিউ শাড়িরভিটা নৌকাটি ডুবে যায়।

অভিযোগ রয়েছে, নৌকাটি ডুবে যাওয়ার পর নদীতে ভাসতে থাকা মাঝিদের বাঁশ, লাঠি ও বৈঠা দিয়ে মারধর করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌকাবাইচ কমিটির সদস্যরা তাঁদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান।

নিউ শাড়িরভিটা নৌকার মাঝি শাহিন শেখ বলেন, “আমাদের নৌকায় ৭০ থেকে ৮০ জন লোক ছিল। প্রতিযোগিতার সময় আমরা এগিয়ে ছিলাম। আমাদের ডান পাশে ছিল নিউ জনতা সংগ্রাম নৌকাটি। তারা ডান পাশ থেকে চাপ দিয়ে আমাদের নৌকা ডুবিয়ে দেয়। পরে বাঁশ, বৈঠা ও লাঠিসোঁটা দিয়ে মারধর করে আমাদের আহত করা হয়।”

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তমাল বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নৌকাবাইচ কমিটির সদস্য গোলাম মোস্তফা বলেন, প্রতিযোগিতার সময় কুষ্টিয়ার নিউ জনতা নৌকাটি পাবনার নিউ শাড়িরভিটা নৌকাকে চাপ দিলে সেটি ডুবে যায়। পরে ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর করা হয়। তাঁরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই নৌকার সংঘর্ষে নিউ শাড়িরভিটা নৌকাটি ডুবে যায়। পুলিশ স্পিডবোট নিয়ে প্রতিযোগিতার পেছনে থাকায় দ্রুত উদ্ধারকাজ শুরু করে। জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ট্রলারের সহায়তায় প্রায় ৭৫ থেকে ৮০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। দুর্ঘটনা এড়াতে নৌ-পুলিশের সদস্যরা পুরো আয়োজনজুড়ে সতর্ক অবস্থানে ছিলেন।

সোমবার ভোরের দিকে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা হয়েছে। তবে সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।