মেহেরপুর প্রতিনিধি
স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাত বছরের শিশু ফাহিম হোসেনের। সোমবার (১২ অক্টোবর) দুপুরে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে মেহেরপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় তার মৃত্যু হয়। ফাহিম রাজনগর গ্রামের বেলে পাড়ার ইসহাক আলীর ছেলে এবং রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, স্কুল ছুটির পর বাড়ি ফেরার জন্য রাস্তা পার হচ্ছিল ফাহিম। এ সময় দ্রুতগতির বাসটি তাকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফাহিমের পরিবারের জন্য এ শোক যেন আরেকটি নির্মম আঘাত। এর আগে ২০২৫ সালের ৯ নভেম্বর মেহেরপুর সদর উপজেলার রাজনগর মুশুরিভাজা বিলে পদ্মফুল তুলতে গিয়ে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে ফাহিমের দুই বোনও ছিল। দুই মেয়েকে হারানোর শোক বুকে নিয়ে দিন কাটাচ্ছিলেন বাবা-মা। এবার সড়ক দুর্ঘটনায় একমাত্র ছেলেকেও হারিয়ে নিঃসন্তান হলেন তাঁরা।
একই পরিবারের তিন সন্তানের এমন করুণ পরিণতিতে রাজনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দুই মেয়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটি এখন দিশাহারা। স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।

