শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়েছে সাংবাদিক প্রিন্স মন্ডলের একমাত্র ছেলে প্রিতম মন্ডল (১৬)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার বাবা চিতলমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ প্রিতম চিতলমারী সরকারি এসএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী। তার বাবা সাংবাদিক প্রিন্স মন্ডল জানান, প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর প্রিতম আর ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। একমাত্র সন্তানকে ফিরে পেতে উদ্বিগ্ন পরিবারটি সবার সহযোগিতা কামনা করেছে।
নিখোঁজের সময় প্রিতমের পরনে ছিল সাদা ফুলহাতা চেক শার্ট, কালো প্যান্ট ও কালো স্যান্ডেল। কেউ তার সন্ধান পেলে ০১৭১১৯৭৭৩৬৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার বাবা।

