সিলেট প্রতিনিধি
সিলেটের এয়ারপোর্ট এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় অভিযুক্ত বাসচালক মো. নাসির মিয়াকে (৪৭) গ্রেপ্তার করেছে এসআরবি-৯। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ পশ্চিম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাসির মিয়া সিলেটের এয়ারপোর্ট থানার পীরেরগাঁও এলাকার সামছুল হকের ছেলে।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর বিকেলে এয়ারপোর্ট থানার কেওয়াছড়া এলাকায় একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সুমাইয়া সিদ্দিকা তানিয়া, ইনিয়া জান্নাত, তানিয়া বেগমসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে মা ও মেয়ের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে এয়ারপোর্ট থানায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়। পরে এসআরবি-৯ অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত বাসচালক নাসির মিয়াকে গ্রেপ্তার করে।
এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা কেএম শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার নাসির মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

