বগুড়া প্রতিনিধি
মানবসেবার প্রত্যয়ে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুরে দিনব্যাপী চক্ষু শিবিরের আয়োজন করেছে বগুড়া ইয়াং মেনস্ খ্রিষ্টিয়ান অ্যাসোসিয়েশন (ওয়াইএমসিএ)। শনিবার সংস্থাটির উদ্যোগে আয়োজিত এ শিবিরে শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়।
শিবিরে রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসাপত্র প্রদান এবং চশমা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পরীক্ষা শেষে ছানিসহ চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্ত কয়েকজন রোগীকে অস্ত্রোপচারের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ শেষে তাঁদের স্বল্প খরচে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
শিবিরের মেডিকেল টিমের সদস্য অপথ্যালমিক প্যারামেডিক দীলিপ মারান্ডী বলেন, সুবিধাবঞ্চিত মানুষের চোখের সমস্যা শনাক্ত করে তাঁদের যথাযথ চিকিৎসার আওতায় আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শিবিরে আসা অনেক রোগী ছানি, চোখের চাপ বেড়ে যাওয়া ও চোখ শুষ্ক হয়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ছানি অস্ত্রোপচারের জন্য রোগীদের তালিকা তৈরি করা হয়েছে।
বগুড়া ওয়াইএমসিএর নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী বলেন, অর্থাভাবে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাঁদের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। এ দায়িত্ববোধ থেকেই ওয়াইএমসিএ দীর্ঘদিন ধরে সারিয়াকান্দির কুতুবপুর এলাকায় দরিদ্র মানুষের জন্য স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় বগুড়া ওয়াইএমসিএর ইপকপ প্রকল্পের শাখা ব্যবস্থাপক জাকির হোসেন এবং বগুড়া মিশন হাসপাতালের চক্ষু শিবিরের সুপারভাইজার নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

